লামিয়ার পড়াশোনা, খেলাধুলা সবকিছুতেই সমান আগ্রহ। কিছুদিন হল মা-বাবা দেখলেন কেমন চুপচাপ আর বিষন্ন থাকছে মেয়ে। অল্পতেই খুব জেদ ধরে আর খাওয়া, পড়াশোনা, খেলাধুলা কিছুতেই যেন ধৈর্য নেই। শিশুদের এমন আচরণকে বলা হয় ডিপ্রেশন বা বিষাদগ্রস্ততা। এই নিয়ে জানাচ্ছেন মনোরোগ বিশেষজ্ঞ ড. ফারুক হোসাইন
কারণ
- মা-বাবা বা রক্তের সম্পর্কের কারো ডিপ্রেশন বা আবেগজনিত মানসিক সমস্যা থাকলে শিশুর এর রোগ হতে পারে।
- খুব কাছের কোন প্রিয়জন বিয়োগ হলে এটা তার মনে বিরূপ প্রভাব ফেলে। এতে সে মানসিকভাবে ভেঙে পড়তে পারে।
- মা-বাবার দাম্পত্য কলহ বা পারিবারিক অশান্তি শিশুকে বিষাদগ্রস্ত করে।
- কোনরকম শারীরিক বা মানসিক পীড়ন মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলতে পারে।
- স্কুল বা বাসা বদলও বিষাদের কারণ হতে পারে।
- কাজের লোকের কাছে বড় হওয়া বা মা-বাবার অবহেলাও শিশু ডিপ্রেশনের কারণ হতে পারে।
লক্ষণ
- শিশু উদাসীন বা নির্লিপ্ত থাকা। কোন কিছুতেই উৎসাহবোধ না করা।
- পড়াশোনা, খেলাধুলা বা খাবার খেতে অনীহা প্রকাশ।
- ক্রমাগত মন খারাপ করা। মন খারাপের জের এক সপ্তাহ বা এর বেশি সময় ধরে রাখা।
- অকারণে জেদ বা কান্নাকাটি করা অথবা আক্রমণাত্মক আচরণ করা।
- হঠাৎ করে ওজন খুব বেড়ে বা কমে যাওয়া।
- টয়লেট ট্রেনিং থাকা সত্বেও রাতে বিছানা ভেজানো।
- হঠাৎ খুব ভয় পাওয়া।
প্রতিকার
- প্রথমে শিশুর মন খারাপের কারণ খুঁজে বের করুন। এ জন্য তার শিক্ষক, খেলার সঙ্গী বা বেশিরভাগ সময় যার কাছে থাকে তার থেকে খোঁজখবর নিন।
- মা-বাবা শিশুকে পর্যাপ্ত সময় দিন।
- ঘুরতে নিয়ে যাওয়া, শপিং করার ফাঁকে শিশুর কাছ থেকে তার মন খারাপের কারণ জেনে নিন।
- শিশুকে খেলাধুলা, বই পড়া, ছবি আঁকা ইত্যাদি কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহ দিন, তবে কোন কিছুতেই জোর করবেন না।
- দাম্পত্য বা পারিবারিক কলহ থেকে শিশুকে দূরে রাখুন।
- শিশু কাজের লোকের কাছে বড় হলে, কাজের লোকটি বিশ্বস্ত কিনা যাচাই করে নিন।
- যে কোন রকম শারীরিক ও মানসিক পীড়ন বা নির্যাতন শিশুর মনে দীর্ঘস্থায়ী গভীর প্রভাব ফেলে। এসব বিষয়ে মা-বাবা সচেতন থাকুন।
- যথাযথ পদক্ষেপ নেওয়ার পরও যদি শিশুর মন খারাপের মাত্রায় কোন পরিবর্তন না আসে, তাহলে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যান।
Ref:
মারজান ইমু